সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নৌকায় এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে হেলিম মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। হেলিম মিয়া কান্দিগাঁও গ্রামের রাজধর মিয়ার ছেলে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী তরুণী ঢাকা থেকে শাল্লায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কান্দিগাঁও নৌকা ঘাটে যান। বৃষ্টির কারণে কিছুক্ষণ অপেক্ষা করেও নিয়মিত নৌকা না পেয়ে তিনি হেলিম মিয়ার নৌকাটি ভাড়া নেন।

পথিমধ্যে আরও এক যাত্রী নৌকায় ওঠেন। পরে নৌকাটি কান্দখলা হাওরের মাঝামাঝি পৌঁছালে অভিযুক্ত মাঝি নৌকার ভেতরে ওই তরুণীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে নৌকায় থাকা অপর যাত্রী পিন্টু দাস এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে নৌকাটি শাল্লা গুদামঘাটে পৌঁছালে তরুণীর স্বজন ও স্থানীয়রা তাকে সহায়তা করেন।

ভুক্তভোগী তরুণীর দাবি, হাওরের মধ্যে একা পেয়ে মাঝি তাকে যৌন নিপীড়ন করেন। তিনি চিৎকার করলে অপর যাত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আত্মীয়দের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে পৌঁছান।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করা অপর যাত্রী পিন্টু দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত হেলিম মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

প্রাইমটিভি/এমএইচ