অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হওয়া অর্থের মামলায় নতুন তথ্য সামনে এসেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযুক্ত গণনাকারী কর্মী অবিনাশ শুক্লা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ তিনি নিজের পাশাপাশি পরিবার, বন্ধু এবং প্রেমিকার জন্য ব্যয় করেছেন।

সূত্র জানায়, দান চুরির ঘটনায় অভিযুক্ত আটজন গণনাকারী কর্মীর একজন অবিনাশ শুক্লা প্রায় ১৯ লাখ টাকা খরচ করার কথা স্বীকার করেছেন। এর মধ্যে তার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় ৬ লাখ টাকা ব্যয় এবং আরেক ভাইকে ৫ থেকে ৬ লাখ টাকা দেওয়ার কথাও রয়েছে।

এছাড়া অভিযোগ রয়েছে, শুক্লা তার প্রেমিকাকে একটি দামি আইফোন উপহার দেন এবং তাকে আরও প্রায় আড়াই লাখ টাকা পাঠান।

এর আগে এনডিটিভির হাতে আসা পুলিশের নথিতে দাবি করা হয়, অবিনাশ শুক্লা প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন, যা এ মামলার সন্দেহভাজনদের মধ্যে সর্বোচ্চ।

তদন্তকারীরা বর্তমানে এসব অর্থের লেনদেন, ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট সম্পদের বিস্তারিত যাচাই করছেন। তাদের লক্ষ্য, অর্থের উৎস ও ব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণ সংগ্রহ করে মামলায় অভিযোগ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা।

প্রাইমটিভি/ এমআর