চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার দেয়ালে ধাক্কা দিয়েছে। এতে টানেলের শোভাবর্ধনে ব্যবহৃত প্রায় ১৫ ফুট দীর্ঘ ডেকোরেটিভ বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে টানেলের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে টানেল কর্তৃপক্ষ।

টানেল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গামুখী একটি প্রাইভেট কার টানেলে প্রবেশের কিছুক্ষণ পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একপাশের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর গাড়িটি দেয়াল ঘেঁষে কিছু দূর এগিয়ে গিয়ে থামে। এতে টানেলের ভেতরে স্থাপিত ডেকোরেটিভ বোর্ডের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী টানেলের টোল ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক বলেন, দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে টানেলের ভেতরের প্রায় ১৫ ফুট দীর্ঘ ডেকোরেটিভ বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাইমটিভি/এমএইচ