সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ সময় ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় মহিষ, টমেটো, ফেন্সিডিল, চকলেট, জিলেট ব্লেড, পাউডার, চিনি, বিভিন্ন ফল, মিনিপ্যাক শ্যাম্পু জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, রসুন, সুপারি এবং অবৈধভাবে বালু ও পাথর বহনকারী একটি বারকি নৌকাও আটক করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৬৪ লাখ ৪৬ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামাল এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রাইমটিভি/এনজি