ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। (ছবি : সংগৃহীত)
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের কয়েক ডজন সদস্য। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাকে খেলার সুযোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই দাবি ওঠে।
এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১ জুলাই বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বালোগান। প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে তার খেলার সুযোগ থাকার কথা ছিল না। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ফিফা তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার অনুমতি দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ভল্টার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে বলেন, টুর্নামেন্ট চলাকালে লাল কার্ডের শাস্তির নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত ‘লজ্জাজনক এবং ন্যায়বিচারের পরিপন্থী’। তাদের দাবি, এ ঘটনা প্রমাণ করে ফিফা ও ইনফান্তিনো ট্রাম্প প্রশাসনের চাপের কাছে নতি স্বীকার করেছেন।
রাজনীতিকরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর ফুটবল ফেডারেশনকে ফিফার নৈতিকতা কমিটির কাছে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের আনুষ্ঠানিক দাবি জানানোর আহ্বান জানিয়েছেন। তারা জানতে চান, বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পেছনে ট্রাম্প প্রশাসনের কোনো প্রভাব ছিল কি না। পাশাপাশি ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগ এবং ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’ দেওয়ার বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অন্যদিকে ফিফা জানিয়েছে, বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত তাদের শৃঙ্খলা কমিটি নিয়েছে।
রাজনীতিকদের দাবি, এ পর্যন্ত ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়ে পাঠানো চিঠিতে ইউরোপীয় পার্লামেন্টের ৩৫ জন সদস্য স্বাক্ষর করেছেন। তাদের ভাষ্য, খেলাধুলার মূল ভিত্তি হলো স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সমান নিয়মের প্রয়োগ। রাজনৈতিক প্রভাবের কারণে কোনো খেলোয়াড়ের অংশগ্রহণ নির্ধারিত হলে তা ক্রীড়ার ন্যায়সংগত পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








