শীর্ষ ১৫ দলের কারও মুখোমুখি না হয়েই সেমিফাইনালে আর্জেন্টিনা

ছবিঃ সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাব্য পথ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ, বর্তমান সমীকরণ অনুযায়ী ফাইনালে পৌঁছাতে হলে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কোনো প্রতিপক্ষেরই মুখোমুখি নাও হতে হতে পারে লিওনেল স্কালোনির শিষ্যদের।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলেছে আলজেরিয়া (৩৩), অস্ট্রিয়া (২৩) ও জর্ডানের (৬৩) বিপক্ষে। এরপর নকআউট পর্বে রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দে (৬৯) এবং শেষ ষোলোতে মিশরকে (৩২) হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে বিশ্বচ্যাম্পিয়নরা।
কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যারা ফিফা র্যাঙ্কিংয়ে ১৯তম। আর সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে নরওয়ে উঠলে এবং আর্জেন্টিনাও নিজেদের ম্যাচ জিতলে, শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে র্যাঙ্কিংয়ের ৩০তম স্থানে থাকা নরওয়ে।
এই সমীকরণ বাস্তবায়িত হলে ফাইনালের আগে পর্যন্ত আর্জেন্টিনাকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কোনো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে না। এমন সম্ভাবনাই ফুটবল অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পক্ষের দাবি, এটি বিশ্বকাপের ড্র ও নকআউট পর্বের স্বাভাবিক ফল। অন্যদিকে অনেকের প্রশ্ন, তুলনামূলক সহজ পথ পেয়েই কি ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে আর্জেন্টিনা?
তবে র্যাঙ্কিংয়ের হিসাব সবসময় মাঠের বাস্তবতা প্রতিফলিত করে না। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে তারই প্রমাণ পেয়েছে আর্জেন্টিনা। একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্কালোনির দল।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচ প্রতিপক্ষের গড় ফিফা র্যাঙ্কিং প্রায় ৪৪। এ পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল ২৩তম স্থানে থাকা অস্ট্রিয়া। অর্থাৎ টুর্নামেন্টে এখন পর্যন্ত শীর্ষ ২০ দলের কোনো প্রতিপক্ষের সামনেও পড়েনি আর্জেন্টিনা।
এখন নজর কোয়ার্টার ফাইনালে। সুইজারল্যান্ডকে হারিয়ে সম্ভাব্য সেমিফাইনালও পেরিয়ে আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে, তাহলে বিশ্বকাপে তাদের ‘সহজ পথ’ নিয়ে চলমান বিতর্ক আরও জোরালো হতে পারে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









