জন্মদিনের আগেই না ফেরার দেশে ক্রিকেটার শাপুর জাদরান

ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে জটিল অসুস্থতার সঙ্গে লড়াই শেষে মারা গেছেন আফগানিস্তানের সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান।
মঙ্গলবার (৭ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর মাত্র একদিন পরই ছিল তার ৩৯তম জন্মদিন।
জানা গেছে, তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসিস (এইচএলএইচ) নামে বিরল ও গুরুতর রোগ প্রতিরোধব্যবস্থাজনিত এক জটিল রোগে আক্রান্ত ছিলেন।
শাপুর জাদরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক শোকবার্তায় সংস্থাটি গভীর শোক প্রকাশ করে।
গত বছরের অক্টোবরে নিজ দেশে প্রথম অসুস্থ হয়ে পড়েন জাদরান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়। সেখানেই দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
আফগানিস্তান ক্রিকেটের বিকাশের প্রাথমিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শাপুর জাদরান। আন্তর্জাতিক ক্রিকেটে দলটির প্রতিষ্ঠা ও এগিয়ে যাওয়ার পথে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। জাতীয় দলের হয়ে তিনি একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) এবং টি-টোয়েন্টি—উভয় সংস্করণেই প্রতিনিধিত্ব করেছেন। নিজের গতিময় ও আক্রমণাত্মক বোলিংয়ের কারণে ক্রিকেটপ্রেমীদের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন এই বাঁহাতি পেসার।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







