টানা বৃষ্টিতে সচল কাপ্তাই, বাড়ছে বিদ্যুৎ উৎপাদন

ছবি: সংগৃহীত
টানা তিন দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাচ্ছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে, যেখানে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি সচল রেখে মোট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. তারেক আহমেদ জানান, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট, ২ নম্বর ইউনিট থেকে ৩৪ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ২৮ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর রয়েছে ৭৯ দশমিক ৯ ফুট এমএসএল। বৃষ্টিপাত অব্যাহত থাকলে হ্রদে পানির পরিমাণ আরও বাড়বে, ফলে বিদ্যুৎ উৎপাদনও ধাপে ধাপে বৃদ্ধি করা সম্ভব হবে।
২৪০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতাসম্পন্ন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের জন্য কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানিধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সংশ্লিষ্টদের প্রত্যাশা, চলমান বর্ষণ অব্যাহত থাকলে পানির স্তর আরও বৃদ্ধি পাবে এবং কেন্দ্রটি তার উৎপাদন সক্ষমতার আরও কাছাকাছি পৌঁছাতে পারবে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






