দেশের সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। (ছবি: সংগৃহীত)
দেশে বর্তমানে সরকারি চাকরিতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। একই সময়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি রয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সংসদে গোপালগঞ্জ-১ আসনের সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিতে ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি অনুমোদিত পদ এখনও শূন্য রয়েছে।
তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র সচিব ও সচিব পর্যায়ে অনুমোদিত পদ রয়েছে ৬৯টি। এছাড়া অতিরিক্ত সচিবের ৩৬৮টি, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি এবং উপসচিবের ২ হাজার ২৪৫টিসহ মোট অনুমোদিত পদ ৩ হাজার ৭৯৮টি।
এসব পদের বিপরীতে বর্তমানে সিনিয়র সচিব ও সচিব পদে ৬৭ জন, অতিরিক্ত সচিব পদে ৩৭৮ জন, যুগ্ম সচিব পদে ৮৯৩ জন এবং উপসচিব পদে ১ হাজার ৬৪৫ জন কর্মরত রয়েছেন। সব মিলিয়ে এসব ক্যাডারে বর্তমানে দায়িত্ব পালন করছেন ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রচলিত আইন ও বিধিমালার আওতায় অনুমোদিত পদের অতিরিক্ত জনবল নিয়োগের কোনো সুযোগ নেই।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





