পটুয়াখালীর গলাচিপায় গভীর সাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের পরিবারের খোঁজখবর নিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপির নির্দেশনায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় প্রতিমন্ত্রীর গলাচিপা-দশমিনা প্রতিনিধি আবু নাঈম, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা এলজিআরডি বিভাগের প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক রাসেল প্যাদা, আবুল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, পৌর যুব অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান হারুন, সাধারণ সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক ইলিয়াসসহ গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রাইমটিভি/এমআর