লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

লিবিয়া থেকে দেশে ফিরলেন অনিয়মিত বাংলাদেশি । সংগৃহীত
লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৭৪ অনিয়মিত বাংলাদেশি। মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয়।
প্রত্যাবাসিতদের মধ্যে ছিলেন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিরা। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সমন্বিত উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। একই সঙ্গে মানবপাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তাদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিত প্রত্যেককে যাতায়াত ব্যয়, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের সহায়তা দিয়েছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






