সুদানে যুদ্ধে ৬ মাসে ৩ শতাধিক শিশু হতাহত

সুদানে যুদ্ধে হতাহত শিশু । সংগৃহীত
২০২৩ সালের এপ্রিল থেকে চলা সুদানের গৃহযুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, চলতি বছরের গত ছয় মাসে দেশটিতে অন্তত ৩০০-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর বেশিরভাগই ড্রোন হামলার শিকার।
ইউনিসেফের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘর্ষে হতাহতদের প্রায় ৬০ শতাংশই ড্রোন হামলার কারণে হয়েছে। সবচেয়ে তীব্র লড়াই চলছে উত্তর ও দক্ষিণ করদোফান, দারফুর এবং ব্লু নাইল অঞ্চলে। সংঘাতে স্কুল, বাজার, জ্বালানি ডিপো ও পানি সরবরাহ কেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত পাঁচ লাখ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে।
জাতিসংঘের তথ্যানুযায়ী, এ পর্যন্ত সুদানের সংঘাতে অন্তত ৫৯ হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় এক কোটি ৩০ লাখ মানুষ। দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে দেশের বিস্তীর্ণ এলাকা এবং ৩ কোটিরও বেশি মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ। উত্তর করদোফানের কৌশলগত শহর এল ওবেইদে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ সমর্থিত মানবাধিকার পরিষদ। একই সঙ্গে শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশগুলোর জন্য বাড়তি সহায়তা এবং যুদ্ধে সব ধরনের বিদেশি হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
ইউনিসেফের সুদান প্রতিনিধি শেলডন ইয়েট বলেছেন, শিশুরা অবিরাম সহিংসতা, বাস্তুচ্যুতি ও বঞ্চনার এক ভয়াবহ চক্রে আটকে পড়েছে। তিনি সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি বেসামরিক মানুষ ও অবকাঠামো সুরক্ষা এবং বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
এদিকে, মিসর সীমান্তবর্তী ওয়াদি হালফা এলাকায় পরিত্যক্ত একটি স্বর্ণখনির অংশ ধসে অন্তত ১৫ জন অনানুষ্ঠানিক খনি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে খনিটি বন্ধ ঘোষণা করা হলেও শ্রমিকরা সেখানে পুনরায় খননকাজ শুরু করেছিলেন।
সূত্র: এপি নিউজ
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






