বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর 'প্রতিশোধ বার্তা' পাঠাল ইরান

ছবি: সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে শিরোপার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই স্বপ্ন থেমে গেছে শেষ ষোলোতেই।
মঙ্গলবার (৭ জুলাই) ভোরে সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী বেলজিয়ামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশটি।
এই পরাজয়ে যখন মার্কিন সমর্থকদের মধ্যে হতাশার ছায়া নেমে আসে, ঠিক তখনই উচ্ছ্বাস প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন। দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিদায়কে কেন্দ্র করে তাদের প্রতিক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানায়, ‘আজ রাজনীতির লজ্জাজনক পরাজয়ে পুরো বিশ্ব আনন্দে নাচছে।’
গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ ড্র করেও বিদায় নিতে হয়েছিল ইরানকে। তবে টুর্নামেন্টজুড়ে উত্তর আমেরিকায় অবস্থানকালে নিজেদের সঙ্গে বৈষম্যমূলক ও অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করে দেশটির ফুটবল ফেডারেশন।
ফেডারেশনের এক মুখপাত্র বলেন, ‘আজ রাজনীতির অপমানজনক পরাজয় উদযাপন করছে পুরো বিশ্ব। ফুটবল আবারও প্রমাণ করেছে, খেলার শক্তি রাজনৈতিক উদ্দেশ্যের চেয়ে অনেক বড়।’ তার দাবি, বিশ্বকাপের পরিবেশকে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি।
দুই দেশের উত্তেজনা আরও বাড়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক সচিব মার্কওয়েন মুলিনের এক মন্তব্যকে ঘিরে। ইরানের বিদায়ের পর তিনি প্রকাশ্যে বলেন, ‘আমি খুবই খুশি যে তারা (ইরান) বিদায় নিয়েছে।’ এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য আরও তীব্র আকার ধারণ করে।
ইরান ফুটবল ফেডারেশন আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রে তাদের নির্ধারিত দলীয় ক্যাম্প বাতিল করতে বাধ্য করা হয়। পরে দলকে মেক্সিকোতে গিয়ে প্রস্তুতি নিতে হয়। এছাড়া ফেডারেশনের সভাপতি মেহদি তাজসহ ১১ জন কর্মকর্তা ও স্টাফকে যুক্তরাষ্ট্র ভিসা দেয়নি বলেও দাবি করা হয়েছে। এসব কারণে দলের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম গুরুতরভাবে ব্যাহত হয়েছে বলে অভিযোগ তাদের।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে তিন স্বাগতিক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—কেউই শেষ আটে উঠতে পারেনি। তিন দলই শেষ ষোলোর গণ্ডি পেরোতে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






