শুভসন্ধ্যা সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

ছবি: সংগৃহীত
বরগুনার তালতলী উপজেলার পর্যটনকেন্দ্র শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আসাদুল (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় তীব্র স্রোতে ভেসে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আসাদুল বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার বাসিন্দা মো. মুসার ছেলে। ঘটনার পর তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের উপস্থিতিতে পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আসাদুল তার সমবয়সী আরও চার বন্ধুকে নিয়ে শুভসন্ধ্যা সৈকতে বেড়াতে যান। একপর্যায়ে পাঁচজনই সমুদ্রে গোসল করতে নামেন। কয়েকদিন ধরে বিরাজমান নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় প্রবল স্রোতে তারা ভেসে যেতে শুরু করেন। স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল স্রোতের টানে গভীর সমুদ্রে চলে যান এবং এরপর থেকে নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভেসে যাওয়ার পর আসাদুল কিছু সময় সমুদ্রের মধ্যে মাছ ধরার একটি খুঁটি আঁকড়ে ধরে নিজেকে রক্ষার চেষ্টা করেন। তবে দীর্ঘক্ষণ লড়াইয়ের পর ক্লান্ত হয়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচ বন্ধু একসঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ রয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আসাদুলের কোনো সন্ধান মেলেনি।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




