দামেস্কে জোড়া বিস্ফোরণে আহত ১৮

ছবি: সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই রাজধানী দামেস্কে দুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা (SANA)-এর বরাত দিয়ে দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়।
ঘটনার পর প্রচারিত টেলিভিশন ফুটেজে রাজধানীর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং আল জাজিরার যাচাইকৃত একটি ভিডিওতে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণ দুটি পর্যটন মন্ত্রণালয় ও একটি হোটেলের আশপাশে ঘটে। ম্যাক্রোঁ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা'র সঙ্গে বৈঠকের জন্য রাজধানীতে অবস্থানকালে ওই হোটেলেই থাকার কথা ছিল।
তবে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ম্যাক্রোঁ বিস্ফোরণের শব্দই শুনতে পাননি এবং তার নির্ধারিত সফরসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণের স্থানটি ফরাসি প্রেসিডেন্টের জন্য নির্ধারিত নিরাপত্তা বলয়ের বাইরে ছিল। ফলে তার আবাসস্থল কিংবা সরকারি সফরসূচির ওপর সরাসরি কোনো ঝুঁকি তৈরি হয়নি এবং সব কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী চলছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরক দুটি ছিল হাতে তৈরি আইইডি। এর একটি রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির ভেতরে রাখা হয়েছিল, অন্যটি লুকিয়ে রাখা হয়েছিল একটি ময়লার পাত্রে।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনী বিস্ফোরকগুলোর অবস্থান শনাক্ত করে সেগুলো নিষ্ক্রিয় করতে বিশেষজ্ঞ দল পাঠানোর পরপরই বিস্ফোরণ ঘটে।
এ ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে আল জাজিরার সংবাদদাতা ওবায়দা হিত্তো জানান, বিস্ফোরণের পরও প্রাসাদ এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। তার ভাষ্য, ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর কোনো ইউরোপীয় নেতার এটিই প্রথম দামেস্ক সফর। সেই কারণে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও এ ঘটনা প্রমাণ করেছে যে দেশটির নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত স্পর্শকাতর।
একজন নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে বলেন, জনাকীর্ণ একটি বেসামরিক এলাকায় বিস্ফোরণ দুটি ঘটেছে এবং এটি একটি অপরাধমূলক কর্মকাণ্ড।
দামেস্কভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ইসমত আল-আবসি বলেন, হামলার প্রকৃত লক্ষ্যবস্তু তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার মতে, আইইডিগুলো ম্যাক্রোঁর বহরকে লক্ষ্য করে পেতে রাখা হয়েছিল কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য নেই। তবে এ ধরনের হামলার উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি এবং নেতিবাচক বার্তা দেওয়া বলেই মনে হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার একটি ঘাটতির ইঙ্গিত দিচ্ছে। সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হওয়ার আগেই এ দুর্বলতা দ্রুত কাটিয়ে ওঠা জরুরি।
উল্লেখ্য, সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মধ্য দামেস্কের একটি ক্যাফেতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছিলেন।
এর আগে ২০২৫ সালের মে মাসে ফ্রান্সে আহমেদ আল-শারা'র প্রথম সরকারি ইউরোপ সফরে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই কূটনৈতিক উদ্যোগের ধারাবাহিকতায় গত বছর আল-শারা যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






