বিদেশি পর্যটকদের ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও আকর্ষণীয় করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থার আওতায় পর্যটকরা একটি সমন্বিত ট্রাভেল প্যাকেজের মধ্যেই পর্যটন ভিসা, বিমানের টিকিট, আবাসনসহ প্রয়োজনীয় সব ভ্রমণসেবা একসঙ্গে পেয়ে যাবেন। মঙ্গলবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। নতুন এই ডিজিটাল ব্যবস্থায় পর্যটকদের আলাদাভাবে ফ্লাইট, হোটেল কিংবা ভিসার জন্য আবেদন করতে হবে না। এর পাশাপাশি ভ্রমণকারীরা তাঁদের পছন্দ অনুযায়ী বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান এবং পর্যটন অভিজ্ঞতাও এই প্যাকেজে যুক্ত করতে পারবেন। তবে কেবল নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবা থাকা অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোই এই সুবিধা দিতে পারবে।

সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ কর্মপরিকল্পনার অংশ হিসেবে দেশটির পর্যটন খাতের বিকাশ এবং অর্থনীতিকে গতিশীল করতে এই যৌথ উদ্যোগ নিয়েছে পর্যটন, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ই-ভিসা ও অন-অ্যারাইভাল ভিসার মতো সহজ নিয়মের কারণে ২০২৫ সালে দেশটিতে রেকর্ড ২ কোটি ৯০ লাখের বেশি পর্যটক ভ্রমণ করেছেন।

সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, নতুন প্যাকেজ ভিসা ব্যবস্থার মাধ্যমে পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ, স্মার্ট ও নির্বিঘ্ন হবে। সরকার আশা করছে, এই উদ্যোগের ফলে বিদেশি পর্যটকরা সৌদি আরবে দীর্ঘ সময় অবস্থান করবেন এবং দেশটির পর্যটন খাতে ব্যয় বৃদ্ধি পাবে।

প্রাইমটিভি/বিএম