ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাতভর সামরিক হামলার পর তেহরানের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে এবং তেহরানের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি বলেন, “আমার কাছে মনে হচ্ছে, সমঝোতা শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না।”

ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, দেশটির নেতারা ‘অসুস্থ মানসিকতার’ এবং ‘সহিংস’। তার ভাষ্য, “তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে তারা তা ব্যবহার করত। আমার কাছে বিষয়টি এখানেই শেষ।”

ট্রাম্প আরও অভিযোগ করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলাকালে উত্তেজনা না বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তার ভাষায়, “আমরা বলেছিলাম, তোমরা শেষ বিদায়ের কাজ করো। কিন্তু তার বদলে তারা গতকাল জাহাজে রকেট ছুড়েছে। তাই গত রাতে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে হামলা চালিয়েছি।”

এ সময় নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান তাকে হত্যার পরিকল্পনা করছে এবং দেশটির বিভিন্ন ‘টার্গেট তালিকায়’ তার নাম রয়েছে।

ট্রাম্প বলেন, “তারা যুক্তরাষ্ট্রের নেতাকে হত্যা করতে চায়। আমি তাদের সব তালিকাতেই আছি। আজ সকালে সেটিই দেখেছি। এখন পর্যন্ত হয়তো আমি ভাগ্যবান ছিলাম, কিন্তু এই ভাগ্য কতদিন থাকবে জানি না।”

ইরানকে ‘অশুভ’ ও ‘অসুস্থ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, “ক্যানসারকে শুরুতেই কেটে ফেলতে হয়। আমি বিষয়টিকে সেভাবেই দেখি।”

তবে ট্রাম্পের এসব অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রাইমটিভি/এমএইচ