তেহরানের পর কোমে খামেনির দ্বিতীয় জানাজায়ও লাখো মানুষের ঢল

খামেনির দ্বিতীয় জানাজায় মানুষের ঢল । সংগৃহীত
ইরানের পবিত্র শহর কোমের জামকারান মসজিদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে অনুষ্ঠিত এ জানাজায় লাখ লাখ শোকাহত মানুষ অংশ নেন।
গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলির ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষ, ধর্মীয় আলেম, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরদেহবাহী শোকযাত্রা জামকারান মসজিদ থেকে হযরত ফাতিমা মাসুমা (সা.)-এর মাজারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সোমবার বিকেল থেকেই ইরানের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ কোমে জড়ো হতে শুরু করেন। ভোরের আগেই জামকারান মসজিদের প্রাঙ্গণ ও আশপাশের এলাকা শোকার্ত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।
শোকযাত্রায় অংশ নেওয়া অনেকেই পায়ে হেঁটে এবং অনেকে যানবাহনে করে আসেন। তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকার পাশাপাশি লাল পতাকা।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। এরপর গত ৩ জুলাই তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরবর্তী কয়েক দিনে রাজধানী তেহরানে জানাজা, বিদায় অনুষ্ঠান এবং লাখো মানুষের অংশগ্রহণে শোকযাত্রা অনুষ্ঠিত হয়।
ইরানের কোমের পাশাপাশি ইরাকের নাজাফ ও কারবালায়ও শোকানুষ্ঠান অব্যাহত রয়েছে। আগামী বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









