কয়েকদিন ধরেই দেশজুড়ে হচ্ছে টিপটিপ বৃষ্টি। আর বৃষ্টি ভেজা এই সময়ে একদিকে যখন শহর ও গ্রামের রাস্তাঘাটে তৈরি হচ্ছে জলাবদ্ধতা আর যানজটের ভোগান্তি, অন্যদিকে ঠিক তখনই ঘরে ঘরে বাড়ছে এক ভিন্ন ধরনের আনন্দ। টিপটিপ বৃষ্টির শব্দ আর ঠান্ডা হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে অনেকেই এখন মেতে উঠেছেন বাঙ্গালির ঐতিহ্যবাহী ইলিশ-পোলাও এর স্বাদে।

আকাশজুড়ে মেঘের ঘনঘটা, কখনও ঝিরঝিরে বৃষ্টি আবার কখনও টানা বর্ষণ। এই আবহাওয়ায় কর্মজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ পথচারীরা পড়ছেন নানা ধরনের ভোগান্তিতে। বিশেষ করে নিম্নাঞ্চল ও শহরের কিছু এলাকায় পানি জমে তৈরি হচ্ছে দুর্ভোগ। অনেক জায়গায় যান চলাচল করছে ধীরগতিতে।

তবে এই বৃষ্টিভেজা আবহাওয়া যেন বাঙালির রসনায় নিয়ে এসেছে এক আলাদা উচ্ছ্বাস। সেই তাজা ইলিশ দিয়ে গরম গরম পোলাও রান্না করে পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়ার দৃশ্য যেন তৈরি করছে এক ভিন্ন আনন্দঘন পরিবেশ।

রান্নাঘরে ভেসে আসা ইলিশের সুঘ্রাণ, আর জানালার পাশে বৃষ্টির ছোঁয়া, এই দুই মিলে তৈরি হচ্ছে এক অপূর্ব মিলনমেলা। শহর হোক বা গ্রাম, বৃষ্টির এই দিনে ইলিশ পোলাও যেন হয়ে উঠেছে বাঙালির আবেগ আর স্বাদের এক অনন্য প্রতিচ্ছবি।

সব মিলিয়ে বলা যায়, ভোগান্তির মাঝেও বৃষ্টি নিয়ে আসে আনন্দের নতুন রং, আর সেই রঙেই রাঙিয়ে ওঠে বাঙালির জীবন।