হাম ও রুবেলার টিকা যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মামলা গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আবেদনটি খারিজের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ।

এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বাদী হয়ে আদালতে মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন।

মামলায় ড. ইউনূস ও নূর জাহান বেগম ছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করা হয়।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, হাম-রুবেলা টিকা আমদানিতে অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে শত শত শিশুর মৃত্যু এবং হাজার হাজার শিশু স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে। বাদীর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা ও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের ফলে টিকা সংকট সৃষ্টি হয়, যা নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করেছে।

আবেদনে আরও বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা সংগ্রহ করে আসছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময় সেই ব্যবস্থা বন্ধ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়ায় সরবরাহে বিলম্ব ঘটে এবং সংকট তৈরি হয়।

বাদীপক্ষের দাবি অনুযায়ী, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স গত ২০ মে প্রকাশিত এক সাক্ষাৎকারে সম্ভাব্য টিকা সংকট নিয়ে স্বাস্থ্য বিভাগকে একাধিকবার সতর্ক করার কথা উল্লেখ করেন। অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই সতর্কবার্তা যথাযথভাবে আমলে নেয়নি।

মামলার আবেদনে আরও দাবি করা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫ হাজার ৭০৮ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং সরকারি হিসাবে প্রায় ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। তবে এসব তথ্য আদালতে বিচারিকভাবে প্রমাণিত নয়।

সবশেষে আদালত মামলার আবেদন পর্যালোচনা করে মামলা গ্রহণের মতো যথেষ্ট উপাদান না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেন।

প্রাইমটিভি/কেআর