কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) বেলা সোয়া ২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কক্সবাজারমুখী ‘এভারগ্রিন’ এসি বাসের সঙ্গে চকরিয়াগামী ‘চকরিয়া সার্ভিস’ মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর কিছু অংশ সড়কের পাশের ফুটপাতে ছিটকে পড়ে। অন্যদিকে এভারগ্রিন বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরানোর কাজ চালায়।

আহতদের মালুমঘাট, চকরিয়া ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চালক-হেলপারসহ একাধিক নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অনেক যাত্রী। উদ্ধার অভিযান চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রাইমটিভি/কেআর