চাটমোহর পৌরসভার প্রকৌশলীদের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রকৌশলীদের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন । সংগৃহীত
পাবনার চাটমোহর পৌরসভার সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং নির্বাচিত ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ না দেওয়ার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে চাটমোহর নাগরিক কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন নির্বাচিত ঠিকাদার ইহাম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাসুম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোন্তাজ আহমেদসহ অনেকে।
এ সময় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, লিখন বিশ্বাস, ঠিকাদার শাহজাহান আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, চাটমোহর পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী রাফিউল বারী এবং উপসহকারী প্রকৌশলী আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পৌরসভায় কাজ পরিচালনা করছেন। তারা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করছেন বলেও দাবি করা হয়।
তাদের অভিযোগ, সম্প্রতি ৩৭ লক্ষাধিক টাকার একটি কাজের টেন্ডার আহ্বান করা হলে একাধিক ঠিকাদার দরপত্র দাখিল করেন। লটারির মাধ্যমে ইহাম কনস্ট্রাকশন বিজয়ী হলেও পরে ওয়ার্ক অর্ডার দিতে সহকারী প্রকৌশলী মোটা অঙ্কের অর্থ দাবি করেন। টাকা না দেওয়ায় পূর্বের লটারি বাতিল করে পুনরায় লটারি অনুষ্ঠিত হয় এবং সেখানে একটি নির্দিষ্ট পক্ষকে কাজ পাইয়ে দেওয়া হয়।
বক্তারা অবিলম্বে ইহাম কনস্ট্রাকশনকে ওয়ার্ক অর্ডার প্রদান এবং অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
অভিযোগের বিষয়ে চাটমোহর পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী রাফিউল বারী গণমাধ্যমকে বলেন, পূর্বে কোনো লটারি হয়নি এবং কাউকে উইনার লেটারও দেওয়া হয়নি। একবারই লটারি হয়েছে। তিনি আরও দাবি করেন, ইহাম কনস্ট্রাকশনের কাগজপত্র সঠিক ছিল না, তাই তাদের কার্যাদেশ দেওয়া হয়নি এবং এখানে কোনো অনিয়ম হয়নি।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







