বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পিএস-এপিএসদের

ছবি- সংগৃহীত
মন্ত্রী-প্রতিমন্ত্রী (সমমর্যাদার ব্যক্তিসহ) এবং উপমন্ত্রীদের একান্ত ও সহকারী একান্ত সচিবদের (পিএস ও এপিএস) মূল বেতন পুনর্নির্ধারণ করেছে অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।
সম্প্রতি এ বিষয়ে মতামত দিয়ে অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে। এর আগে গত ৩১ মার্চ এ সংক্রান্ত মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
বর্তমানে এসব পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন পেতেন। সে হিসাবে তাদের মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্তের ফলে মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেল।
অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রীর একান্ত সচিব (পিএস)-এর মূল বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫-এর নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে এ বেতন নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। শর্ত অনুযায়ী, নির্ধারিত মূল বেতনের বাইরে কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। তবে বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা পাওয়া যাবে।
এছাড়া তারা কোনো ধরনের পেনশন, আনুতোষিক (গ্র্যাচুইটি) কিংবা ভবিষ্য তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা পাবেন না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
অর্থ বিভাগ আরও জানিয়েছে, এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর একান্ত সচিবদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







