অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

তাজুল ইসলাম তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলার ধৃষ্টতা সকল সীমানা অতিক্রম করেছে।’ তিনি উল্লেখ করেন, নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া এবং একজন জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ কর্তৃক তুলে নিয়ে নির্যাতন করার মতো দুটি মারাত্মক ও আমলযোগ্য ফৌজদারি অপরাধের প্রেক্ষিতে শাওন একটি বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন। তাজুল ইসলামের দাবি, শাওনের ফেসবুক জুড়ে শুধুই জুলাই বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তাই তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।

এর আগে অভিনেত্রী শাওন ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেন, “আজকে ২টা ঘটনার পর ভাবতেই আনন্দ লাগছে যে নেত্রকোনা আমার শ্বশুরবাড়ি… (ঘটনা ২ টা কি আমাকে জিজ্ঞেস করবেন না, ফেসবুকেই পেয়ে যাবেন। আর যারা বুঝে ফেলেছেন তাদের শুভেচ্ছা)।”

নেত্রকোনা প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পৈত্রিক নিবাস হওয়ায় সেটি শাওনের শ্বশুরবাড়ি। সহিংস দুটি ঘটনার পর দেওয়া তার এই 'আনন্দ' প্রকাশের পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

প্রাইমটিভি/বিএম