রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত । সংগৃহীত
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স এবং জেল আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পেপারবুক প্রস্তুত হওয়ায় যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি শুরু হতে পারে।
মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে মামলার পেপারবুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। বর্তমানে নথিপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এর আগে গত রোববার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদালত আপিল শুনানির জন্য তা গ্রহণ করেন।
শুনানিকালে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, প্রধান আসামি সোহেল রানা জেল আপিলে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে অপর আসামি স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেছেন।
গত ৯ জুন ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৭ জুন বহুল আলোচিত এ মামলার রায়ে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত। বর্তমানে মামলাটি হাইকোর্টে আপিল পর্যায়ে রয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







