সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আলাদা পরীক্ষা ফি নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, তৃতীয় শ্রেণিতে ৩০ টাকা, চতুর্থ শ্রেণিতে ৪০ টাকা এবং পঞ্চম শ্রেণিতে ৫০ টাকা করে ফি ধার্য করা হয়েছে। পর্যাপ্ত সরকারি বরাদ্দ না থাকায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব মো. সাখাওয়াত হোসেন। তবে ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে এই ফি আর নেওয়া হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

বর্তমানে দেশে ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। বছরে তাদের ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক—এই তিনটি পরীক্ষায় অংশ নিতে হয়।

এই সিদ্ধান্তের ফলে শিক্ষা-সংশ্লিষ্ট মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের মতে, সংবিধানে প্রাথমিক শিক্ষাকে 'বাধ্যতামূলক ও অবৈতনিক' বলা হয়েছে। ফলে পরীক্ষার জন্য আলাদা ফি নেওয়া এই মূল নীতির পরিপন্থী।

টাকার অঙ্কটি আপাতদৃষ্টিতে কম মনে হলেও, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের। ফলে এই বাড়তি খরচ তাদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। টাকার পরিমাণের চেয়েও এখানে রাষ্ট্রের দায়িত্ব এবং সবার জন্য সমতা নিশ্চিত করার বিষয়টিই মুখ্য আলোচনা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রাইমটিভি/বিএম