নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই ছাত্র হলো— মেরাজ ও ফাহিম। তারা রাজধানীর শনির আখড়া এলাকা থেকে বন্ধুদের সঙ্গে সোনারগাঁয়ে ঘুরতে এসেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার শনির আখড়া থেকে আট বন্ধুর একটি দল সোনারগাঁয়ের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে তারা মেঘনা ফেরিঘাট এলাকায় নদীতে গোসল করতে নামে। গোসল শেষে ছয়জন তীরে উঠতে পারলেও মেরাজ ও ফাহিম নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়।

ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা নদীর তীরে ভিড় করেন। এদিকে নিখোঁজদের স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

সোনারগাঁ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাইমটিভি/এমএইচ