গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে সব পক্ষকে সম্পৃক্ত করেই সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে সঙ্গে নিয়েই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং এ ক্ষেত্রে সরকার সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। তিনি উল্লেখ করেন, প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একত্র করা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, গণমাধ্যম খাতের সংস্কারে অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে এবং স্বাধীন সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করবে।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরা প্রয়োজন, যাতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়। তিনি বলেন, সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট।

কর্মশালায় গণমাধ্যম সংস্কার, সম্পাদকীয় স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো নিয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন।

প্রাইমটিভি/এনজি