আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, উদ্ধার করতে গিয়ে আরও একজন আহত

ছবিঃঃসংগৃহীত
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাৎ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আক্তার নামে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে দেবোত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ছাদের ওপর জমে থাকা বৃষ্টির পানি নিচে থাকা আকুল স্টোরের ওপর পড়ছিল। পানি পড়া বন্ধ করতে শাহাদাৎ ছাদে ওঠেন। এ সময় তিনি পা পিছলে নিচে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে এলে সিটি কাপড়ের দোকানের ব্যবসায়ী আক্তারও বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা শাহাদাতের মরদেহ উদ্ধার করে তার নিজ বাড়ি কদমডেঙা গ্রামে পৌঁছে দেন। আহত আক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিহত শাহাদাৎ দেবোত্তর বাজারের আকুল স্টোরের কর্মচারী ছিলেন। তার অকাল মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে বাজার এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তার ও ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে স্থানীয় ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






