ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৬

আ.লীগ-বিএনপি সংঘর্ষ । প্রাইম টিভি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আগের দিন পুকুরের মাছ ধরা নিয়ে সন্দেহকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রকিবুল ইসলামকে মারধরের ঘটনা ঘটে। রকিবুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই।
এই ঘটনার জেরে শনিবার সকালে চেয়ারম্যান বজলুর রহমানের সমর্থক এবং বিএনপি সমর্থিত সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমানের অনুসারীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং তিনজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমানের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এতে তাদের কয়েকজন সমর্থক আহত হয়েছেন।
অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








