শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ছবিঃসংগৃহীত
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার (২১ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। এ উদ্দেশ্যে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে পাঠ্যক্রমে কারিগরি শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।
জবাবে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, শিক্ষা উন্নয়নে বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে পারে। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে পাকিস্তানের অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ রয়েছে। এ সময় তিনি বাংলাদেশের প্রতিনিধিদের পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান।
এ ছাড়া শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন পাকিস্তানের হাইকমিশনার।
বৈঠক শেষে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে এক হাজার ফুটবল শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে তুলে দেন ইমরান হায়দার।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






