মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয় থেকে প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরভিত্তিক একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানায় ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন হাবিব।

মঙ্গলবার (২৩ জুন) আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটিতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে শোনা যায় ‘মহাজাদু’ গানটি।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাবিব বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর পরিচিত কয়েকজনের পাঠানো লিংকের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। পরে ভিডিওটি দেখে নিজের গান ব্যবহৃত হতে দেখে তিনি বেশ অবাক হন।

তার ভাষ্য, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি আয়োজনে নিজের গান স্থান পাওয়াকে তিনি সম্মানের বিষয় হিসেবে দেখছেন। দুই দেশের সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট এমন একটি ভিডিওতে তার কাজ ব্যবহৃত হওয়ায় তিনি আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন।

তবে গানটি ব্যবহারের আগে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি বলেও জানান হাবিব। তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তাকে আগে কিছু জানানো হয়নি; ভিডিওটি দেখেই তিনি প্রথম জানতে পারেন।

কেন ‘মহাজাদু’ গানটি নির্বাচন করা হয়েছে, সে বিষয়ে তারও নির্দিষ্ট কোনো ধারণা নেই। তার মতে, সংশ্লিষ্টদের কাছে গানটি ভালো লেগেছিল বলেই হয়তো এটি ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা হলেও হাবিব জানান, তিনি ব্যক্তিগতভাবে খুব বেশি ফেসবুক ব্যবহার করেন না। ফলে সরাসরি মানুষের মন্তব্য দেখার সুযোগ হয়নি। তবে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার কথা শুনেছেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় বা সাক্ষাৎ হয়নি বলেও জানান তিনি। ফলে পুরো ঘটনাটি তার কাছে আরও বেশি অপ্রত্যাশিত মনে হয়েছে।

প্রাইমটিভি/এনজি