বিদ্যালয়ে ক্লাস চলাকালে বডি স্প্রে ব্যবহারের পর তীব্র ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- কনা, আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, লিসান, জিসান, মাহিন, তানজু, তানজিলা, শারামনি, সাদিয়া ও বিথী। তাদের সবার বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে এবং তারা নবম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নবম শ্রেণির ওই কক্ষে ৫৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। দুপুরে এক শিক্ষার্থীর ব্যাগে থাকা ‘ওয়াইল্ড স্টোন’ ব্র্যান্ডের একটি বডি স্প্রে কয়েকজন শিক্ষার্থী ব্যবহার করে। এর কিছুক্ষণের মধ্যেই শ্রেণিকক্ষে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমিভাব অনুভব করতে শুরু করে। একপর্যায়ে মোট ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

পরে তাদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পরও দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া বলেন, ক্লাস চলাকালে এক শিক্ষার্থী বডি স্প্রে ব্যবহার করলে এর তীব্র ঘ্রাণে আশপাশের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয়। ব্যবহৃত স্প্রের বোতলটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজিত ঢালি জানান, শ্বাসকষ্ট ও বুকে ব্যথার উপসর্গ নিয়ে ১৫ জন শিক্ষার্থী হাসপাতালে আসে। অধিকাংশকে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, একটি বডি স্প্রে ব্যবহারের পর একসঙ্গে এত সংখ্যক শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়া স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে মানসিক বা সাইকোলজিক্যাল কোনো প্রভাব থাকতে পারে। বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঘটনার পর বিদ্যালয়টি পরিদর্শন করেন বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রাইমটিভি/এনজি