জামিন পেলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জন

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র
শ্রম আইনের মামলায় গ্রেফতার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ আত্মসমর্পণ করা চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম তাদের জামিন মঞ্জুর করেন। এ বিষয়টি আদালত সূত্রে জানা গেছে ।
এর আগে একই দিন ভোরে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
একই মামলার অপর তিন আসামিও আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত চারজনেরই জামিন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত।
এর আগে মঙ্গলবার রাত থেকে শুভ্রর বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসার ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
এ মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে বলে জানা গেছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







