বাণিজ্যিক লাইসেন্স পেতে আর দীর্ঘ অপেক্ষা নয়, ১৪ দিনের মধ্যেই সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া। এমন ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৪ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিনিয়োগের অন্যতম বড় বাধা হলো ব্যবসার লাইসেন্স প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা। তাই বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে এই প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসএমই খাত নিয়ে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সম্প্রসারণ জরুরি। এ লক্ষ্যেই আগামী দিনে নতুন করে আরও বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে। সরকারের লক্ষ্য এই খাতে ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি আরও বলেন, বিগত সরকার বিপুল পরিমাণ ঋণ নিলেও সেই তুলনায় অর্থনৈতিক উন্নয়ন দৃশ্যমান হয়নি।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে সরবরাহ ব্যবস্থার মধ্যবর্তী অযৌক্তিক মূল্যসংযোজন বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি আমদানিনির্ভর পণ্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, একই দিন অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ১৬৭ কোটি ২৪ লাখ টাকায় ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল, ৩৬৭ কোটি ৯০ লাখ টাকায় ২ কোটি লিটার পাম তেল এবং ২৭৭ কোটি ১৬ লাখ টাকায় ২ কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাইমটিভি/এনজি