দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি প্রাদুর্ভাবে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে।

মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন তিনটি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছেন ৫৩৯ জন। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯২ জনের। ফলে প্রাদুর্ভাব শুরুর পর মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে আরও ৯৮০ জনের মধ্যে।

প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮১ হাজার ৮৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ২৯২ জন।

প্রাইমটিভি/এমএইচ