বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবারের মতো ভারত থেকে যাত্রীবাহী রেল কোচের চালান আসছে। আগামী জুলাই মাসেই ২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস

বুধবার (২৪ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে পাঠানোর জন্য ২০টি ব্রডগেজ কোচ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। এগুলো বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ চুক্তির অংশ।

প্রতিবেদনে বলা হয়, ৯১৫ কোটি রুপি ব্যয়ে ২০০টি ব্রডগেজ কোচ কেনার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়েছিল। এ প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কোচ নির্মাণের দায়িত্ব পায় ভারত।

ভারতীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চুক্তির আওতায় প্রথম চালানের কোচগুলো জুলাইয়ের মধ্যেই হস্তান্তরের জন্য প্রস্তুত হবে। বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু হয়েছে।

কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ কারখানায় নির্মাণ করা হচ্ছে। ইকোনোমিক টাইমস জানায়, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রকল্পটির অগ্রগতি কিছুটা ধীর হয়ে গেলেও বর্তমানে কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে।

এর আগে ভারত বাংলাদেশে ১২০টি ব্রডগেজ কোচ, ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছে। দুই দেশের রেল যোগাযোগ ও পরিবহন অবকাঠামো উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবেই এসব সরঞ্জাম দেওয়া হয়।

সর্বশেষ চুক্তির আওতায় কোচ সরবরাহের পাশাপাশি ডিজাইন সহায়তা, খুচরা যন্ত্রাংশ, কারিগরি প্রশিক্ষণ এবং কোচ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তাও দেবে ভারত।

সূত্র: ইকোনোমিক টাইমস

প্রাইমটিভি/এমএইচ