‘পদ্মভূষণ’ পুরস্কার গ্রহন করলেন অলকা ইয়াগনিক

ছবিঃ সংগৃহীত
ভারতের মর্যাদাপূর্ণ সম্মাননা ‘পদ্ম পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে বসেছিল তারকাদের মেলা। গত মঙ্গলবার (২৩ জুন) দিল্লিতে এক জমকালো অনুষ্ঠানে সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিককে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে এই বড় প্রাপ্তির আনন্দের মাঝেই গায়িকার শারীরিক অবস্থা দেখে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তার কোটি অনুরাগী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, অলকা ইয়াগনিক শারীরিকভাবে বেশ অসুস্থ। তিনি একা হেঁটে মঞ্চে যাওয়ার মতো শক্তি পাচ্ছিলেন না; পরে একজন নারী স্বেচ্ছাসেবী এগিয়ে এসে তাকে ধরে মঞ্চের দিকে নিয়ে যান। উল্লেখ্য, ২০২৪ সালে অলকা ‘সেন্সোরিনিউরাল হিয়ারিং লস’ (শ্রবণশক্তি হ্রাস পাওয়া) নামক একটি বিরল রোগে আক্রান্ত হন, যার কারণে তার কানের কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি গান গাওয়া বন্ধ রেখেছেন। এক সাক্ষাৎকারে অলকা জানিয়েছিলেন, সুরকারেরা এখনো তাকে গানের প্রস্তাব দিলেও অসুস্থতার কারণে তিনি কোনো কাজ নিতে পারছেন না।

নব্বই এবং দুই হাজার দশকের শুরুর দিকে ভারতীয় চলচ্চিত্র সংগীতে একচ্ছত্র আধিপত্য ছিল অলকা ইয়াগনিকের। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি ‘রাজা হিন্দুস্তানি’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাহো না পেয়ার হ্যায়’ সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় হাজারো কালজয়ী গান উপহার দিয়েছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি রেকর্ড সংখ্যক ৭ বার শ্রেষ্ঠ নারী প্লেব্যাক গায়িকা হিসেবে ‘ফিল্মফেয়ার পুরস্কার’ এবং ২ বার ভারতের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







