আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে নকলের প্রচলিত ধরন না থাকলেও এর রূপ পরিবর্তন হয়েছে। এ কারণে পুরোনো পরীক্ষা আইন সংশোধন করে সময়োপযোগী করা হয়েছে। নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি জানান, জাতীয় সংসদে পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিধান যুক্ত করা হয়েছে, যাতে পরীক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান এবং বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

প্রাইমটিভি/এনজি