চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন সালমান খান

ছবিঃ সংগৃহীত বলিউড মেগাস্টার সালমান খান
হঠাৎ মাথা ন্যাড়া করে নতুন লুকে হাজির হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র জল্পনার জন্ম দিয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান। সম্প্রতি কংগ্রেস সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অভিনেতার এমন রূপ দেখে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সেখানে অনেকেই লক্ষ্য করেন যে, সালমানের ওজন আগের তুলনায় কিছুটা বেড়েছে এবং চুলও বেশ পাতলা দেখাচ্ছে। এরপর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, তিনি শিগগিরই চিকিৎসার জন্য আমেরিকায় পাড়ি জমাতে পারেন।
পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি, বেশ কিছু শারীরিক সমস্যার কারণে সালমানকে নিয়মিত স্টেরয়েড নিতে হচ্ছে। আর সেই স্টেরয়েডের প্রভাবেই তার শরীরে মেদ জমা এবং চুল পড়ে যাওয়ার মতো পরিবর্তনগুলো দেখা যাচ্ছে। যদিও নিজের এই অসুস্থতা নিয়ে সালমান এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
৬০-এর কাছাকাছি বয়স হলেও বরাবরই চরম ফিটনেস সচেতন এই অভিনেতা নিজের সিনেমার স্টান্ট নিজেই করতে পছন্দ করেন। তবে ইন্ডাস্ট্রির একাধিক সূত্র বলছে, বর্তমানে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় এবং পরিবার তাকে বারবার বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিচ্ছে।
শারীরিক অসুস্থতা সত্ত্বেও সালমানের কাজের ব্যস্ততা থেমে নেই। ২০২৬ সালের অক্টোবর থেকেই পরিচালক জুটি রাজ ও ডিকের একটি নতুন অ্যাকশন ছবির শুটিং শুরু করার কথা রয়েছে তার। এর আগে ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলাকালীন পেশিতে তীব্র যন্ত্রণার কারণে তাকে কয়েক মাস কাজ বন্ধ রাখতে হয়েছিল। এতকিছুর পরও মুম্বাই ছেড়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে এই মুহূর্তে কিছুটা অনীহা দেখা যাচ্ছে অভিনেতার মধ্যে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






