বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী

ছবিঃ সংগৃহীত
বর্তমানে দেশে গুম ও ক্রসফায়ার নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলারও অবসান ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানান, দেশে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বুধবার (২৪ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর প্রসঙ্গে রিজভী বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ঘাটতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। চীন সফরে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিজভী আরও জোর দিয়ে বলেন, বাংলাদেশকে আর কোনোভাবেই পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে একটি আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, এই সরকারের আমলে কোনো দেশবিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, তারা নতুন ফ্যাসিবাদের ভিত্তিহীন অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন স্পষ্ট দেখা যায়।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







