চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের ডালিয়ান থেকে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে তারা ডালিয়ান ত্যাগ করেন।
এর আগে একই দিন সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনটি ‘১৭তম এ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক আয়োজনে অনুষ্ঠিত হয়।
এতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে উপস্থিত ছিলেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় এক হাজার ৭০০ প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন।
বিশ্লেষকদের মতে, গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২২ জুন চীনের ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে তার সফরের পরবর্তী কর্মসূচি বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






