‘র’-এর দুই সদস্য আটক দাবি করে জুলকারনাইন সায়েরের ফেসবুক পোষ্ট

ছবিঃ সংগৃহীত
বাংলাদেশে সক্রিয় থাকা ভারতের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি 'রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং' (রঅ)-এর দুই সদস্যকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন। তবে সরকারের কোনো সংস্থা বা নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত এই খবরের সত্যতা নিশ্চিত করেনি।

জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছিলেন। তারা দেশের বিভিন্ন সংবেদনশীল তথ্য ও প্রধান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ ও কৌশলগত তথ্য সংগ্রহ করে নিয়মিত ভারতের প্রধান গোয়েন্দা সংস্থায় পাঠাতেন।
পোস্টে উল্লেখ করা হয়, আটক ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরবর্তীতে স্থানীয় কিছু সুনির্দিষ্ট ব্যক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে তারা তাদের নেটওয়ার্ক পরিচালনা করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পোস্টে বলা হয়, আটক ব্যক্তিরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনা, প্রভাবশালী গণমাধ্যমকর্মী, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং মূলধারার রাজনীতিকদের ওপর নজরদারি চালাচ্ছিলেন।
সায়ের তার পোস্টে দাবি করেন, "আটক ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন, পেনড্রাইভ এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস পরীক্ষা করে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত উদ্ধার করা হয়েছে। এছাড়া ভারতের উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগের অডিও ও টেক্সট প্রমাণ তদন্তকারীরা হাতে পেয়েছেন।"
পোস্টের ভাষ্যমতে, জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক দুই সন্দেহভাজনকে বর্তমানে একটি গোয়েন্দা সংস্থার হেফাজতে রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে এই স্পর্শকাতর বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর কিংবা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আজ বিকেল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি। ফলে জুলকারনাইন সায়েরের সামাজিক যোগাযোগমাধ্যমের এই দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





