আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ

ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি নিজেকে ‘প্রথম বলির পাঁঠা’ বা ‘প্রথম টার্গেট’ হতে পারেন বলে উল্লেখ করে একে একে আরও অনেকে লক্ষ্যবস্তু হতে পারেন বলে সতর্ক করেছেন। একই সঙ্গে ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মাহফুজ আলম লেখেন, “আমি প্রথম বলির পাঁঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে আপনাদের সবাইকে টার্গেট করা হবে। বৈধদের জায়গা দখল করবে ক্রীড়নকরা। এর পরিণতি আপনারা সামাল দিতে পারবেন না।”
তিনি আরও লেখেন, “শত্রুর সেবা করে কেউ বলির পাঁঠা হবেন না। বলির পাঁঠাদের শেষ পর্যন্ত উৎসর্গ করা হয়। সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে চলুন। সর্বোচ্চ ঐক্যের লক্ষ্যে কাজ করুন।”
পোস্টের শেষাংশে মাহফুজ আলম জার্মান-আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েলের একটি উদ্ধৃতি তুলে ধরেন। সেখানে বলা হয়েছে, “সম্ভবত প্রতিটি আধুনিক রাজাই এমন এক বলির পাঁঠা, যে কেবল নিজের মৃত্যুদণ্ড কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পেরেছে।”
এছাড়া তিনি ফরাসি দার্শনিক রেনে জিরারের লেখালেখি পড়ার পরামর্শও দেন।
তবে পুরো পোস্টে মাহফুজ আলম কোনো ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি। তিনি ঠিক কোন প্রেক্ষাপটে এসব মন্তব্য করেছেন, সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেননি। ফলে তার পোস্টের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







