আগামী ৩০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে: আরাগচি

হরমুজ প্রণালি । সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তির আওতায় তেহরান এই দায়িত্ব পেয়েছে।
রোববার (২৮ জুন) ইরাকের রাজধানী বাগদাদে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
আরাগচি জানান, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তির অগ্রগতি নিয়ে ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালির সার্বিক দেখাশোনা ও ব্যবস্থাপনা ইরান পরিচালনা করবে। এরপর সব বাধা দূর হলে জলপথটি আগের মতো পুরোপুরি সচল করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই দায়িত্ব সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের এবং এতে অন্য কোনো দেশ বা পক্ষের ভূমিকা নেই। সমঝোতা অনুযায়ী কোনো ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এর আগে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে রোববার বাগদাদ পৌঁছান আব্বাস আরাগচি। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, হরমুজ প্রণালি, ইরানের আটকে থাকা সম্পদ এবং সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের পর হওয়া সমঝোতার বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
যুদ্ধ শেষ হওয়ার পর এটিই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ইরাক সফর। এমন সময় এই সফর অনুষ্ঠিত হলো, যখন তেহরান ও ওয়াশিংটন উত্তেজনা কমানোর লক্ষ্যে একটি নাজুক সমঝোতা ধরে রাখার চেষ্টা করছে। তবে দুই পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সামরিক হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি এখনও জটিল রয়ে গেছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







