‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’, সংসদে স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ । প্রাইম টিভি
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনা শুরুর আগে সংসদ সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (২৭ জুন) বাজেট আলোচনা শুরুর আগে স্পিকার বলেন, হাতে সময় কম থাকায় আজ ও আগামীকাল এই দুই দিন বাজেটের সাধারণ আলোচনা হবে। এরপর সংসদের অন্যান্য কার্যক্রম নেওয়া হবে।
সরকারি দল ও বিরোধী দলের হুইপদের নির্ধারিত সময় অনুযায়ী সদস্যদের বক্তব্যের সুযোগ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত সময় দেওয়া হবে না।
এ সময় বাড়তি সময় চেয়ে তাকে বিব্রত না করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, “মুদিদোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সময় চাহিয়া লজ্জা দিবেন না।”
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, বক্তব্য দেওয়ার সময় ঘড়ির দিকে খেয়াল রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করতে হবে, যাতে অসমাপ্ত বক্তব্য রেখে বসে যেতে না হয়।
স্পিকার বলেন, বাজেট অধিবেশন সফলভাবে শেষ করতে বাধ্য হয়েই সময়সীমা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই সবাইকে বক্তব্য শেষ করার অনুরোধ জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনাতেও সময়সীমা নির্ধারণ করে দেন স্পিকার। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিতে চাইলে স্পিকার তাকে পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার অনুরোধ জানান।
ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর বাজেটের সাধারণ আলোচনা শুরু হয়। প্রথম বক্তা ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে ছয় মিনিট সময় দেওয়া হয়। নির্ধারিত সময় শেষ হলে তার বক্তব্য থামিয়ে পরবর্তী বক্তাকে আহ্বান জানান স্পিকার।
পরে গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে ১০ মিনিট সময় দেওয়া হয়। বক্তব্যের শেষ দিকে তিনি অতিরিক্ত দুই মিনিট সময় চাইলে স্পিকার সংক্ষিপ্ত জবাব দেন, “সময় নাই।”
এরপর আবারও সময়ের আবেদন জানালে স্পিকার আগের মন্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, “মুদিদোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সময় চাহিয়া লজ্জা দিবেন না।”
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







