রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট ভবনের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) শাহবাগ থানা-পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, শুক্রবার ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতের বোন নুজুলা ফেরদৌসকে ডেকে এনে তার উপস্থিতিতে কক্ষের দরজা খোলে। ঘরের ভেতর খাটের ওপর বসা ও টেবিলে মাথা রাখা অবস্থায় ফারার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, ৩৯তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা ফারা ফেরদৌস দীর্ঘদিন ধরে ওই ভবনে ভাড়া থাকতেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কার্ডিওভাসকুলার কোর্সে অধ্যয়নরত ছিলেন। গত ২৬ জুন বোনের সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছিল, এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ফারা খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা মো. আ. রশিদের মেয়ে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রাইমটিভি/বিএম