কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সায়েম (২২) নামে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সৈকতের নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিখোঁজ সায়েম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্ধু আরমানকে সঙ্গে নিয়ে ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে প্রবল ঢেউ ও সাগরের স্রোতের কবলে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।

পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন, সৈকতকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ সায়েমের সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে সৈকতকর্মী ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।

প্রাইমটিভি/এমএইচ