দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান । প্রাইম টিভি
মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নিজের অবস্থান থেকে দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছেন এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছেন।
শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট অধিবেশনে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ সরকারকে তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েছে। দলের স্লোগান ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি মালয়েশিয়া ও চীন সফরে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
তারেক রহমান আরও বলেন, এই সফরে কোনো ব্যক্তিগত বিষয় ছিল না। যদি কোনো অর্জন হয়ে থাকে, সেটি বাংলাদেশের অর্জন এবং দেশের মানুষের অর্জন।
সংসদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে বিরোধীদলীয় নেতাসহ সব সদস্য দেশের মানুষের পক্ষে কাজ করতে তাকে উৎসাহ দিয়েছেন। এজন্য তিনি ব্যক্তিগতভাবে সংসদের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






