ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ডে এক যুবক ও এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) ভোরে পুলিশ দুই উপজেলার পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আলোচিত এ দুই হত্যাকাণ্ডে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিকুঞ্জরা গ্রাম থেকে জুবায়ের পারভেজ (নাম অনুযায়ী) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠায়।

অন্যদিকে, ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী কাজল আক্তারকে নিজ বাড়িতে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিঁড়িকক্ষের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে হত্যা করে। ঘটনার সময় ঘরে তার তিন সন্তান থাকলেও তাদের কোনো ক্ষতি করা হয়নি।

ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, পৃথক দুই হত্যাকাণ্ডকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

প্রাইমটিভি/এমএইচ